খেলা

ফাইনালের আগে পঞ্চপাণ্ডবের উপহার!

বাংলার পঞ্চপাণ্ডব। এটা বললেই একে একে ওই পাঁচজনের ছবিই ভাসে দেশের ক্রিকেটামোদিদের চোখে। মাশরাফি, সাকিব, মুশফিকুর, তামিম ও মাহমুদুল্লাহ। পঞ্চপাণ্ডবের সুস্থ থাকা মানে কোটি কোটি ক্রিকেটমোদির মুখে হাসি!
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে এমনই একটি ছবি উপহার দিয়েছেন পঞ্চপাণ্ডব। মুশফিকুর রহিম প্রথম ছবিটি ফেসবুকে দেন। পরে মাহমুদুল্লাহ রিয়াদও নিজ পেজে তা শেয়ার করেন।
ছবিতে দেখা যায়, হোটেলের বিছানায় গল্প করছেন পাঁচজন। পাঁচজনের মধ্যমণি অধিনায়ক মাশরাফি। তাঁর ডানেই আছেন ওপেনার তামিম। অন্যপাশে আছেন মাহমুদুল্লাহ, মুশফিক ও সাকিব। সবার মুখেই হাসি।
বিশ্বকাপের আগে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যাদের এরইমধ্যে দুইবার হারিয়েছে মাশরাফির দল।
এ নিয়ে সপ্তমবারের মত কোনো সিরিজের ফাইনাল খেলবে বাংলাদেশ। এর আগে চারটি ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টির ফাইনালে উঠে বাংলাদেশ। তবে একবারও শিরোপার স্বাদ নেওয়া হয়নি বাংলাদেশের। পঞ্চপাণ্ডবকেও তাই থাকতে হয়েছে হতাশায়।
তবে ফাইনাল জয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মাশরাফি। কিন্তু সাকিবকে নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব। প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু না পেলেও শঙ্কা যাচ্ছে না। তবে জানা গেছে ফাইনাল খেলার সিদ্ধান্তটা সাকিবের ওপরই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
বাংলার ক্রিকেটমোদিরা পঞ্চপাণ্ডবের বিস্তৃত হাসি চায়। পঞ্চপাণ্ডবের হাত ধরে আগামীকালের অধরা শিরোপাটা ঘরে এলে ছবিটা সত্যিই একটা বিরাট ইতিহাস হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button