শিক্ষাশিরোনাম

প্রথম বর্ষেই সিট বরাদ্দের আশ্বাসে আন্দোলন স্থগিত করল ঢাবি শিক্ষার্থীরা

সংবাদদাতা, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণরুম সমস্যা সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে তারা এই ঘোষণা দেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত দেশ রূপান্তরকে বলেন, দুপুরের দিকে উপাচার্য তার অফিসে আমাদের ডাকেন। সেখানে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে প্রথম বর্ষেই শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করা হবে। এছাড়া, অছাত্র ও বহিরাগতদের হল থেকে বের করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তার কথায় আমরা আন্দোলন স্থগিত করছি। তবে তিনি কথা না রাখলে পরবর্তীতে আমরা আবার আন্দোলনে যাব।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, গণরুম দীর্ঘদিনের একটা সমস্যা। হঠাৎ করে তো এটা দূর করা সম্ভব নয়। আমরা কাজ শুরু করেছি। খুব দ্রুত সমস্যাগুলো সমাধান হতে শুরু করবে।
ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ডাকসুর সদস্য সৈকতসহ কয়েকজন শিক্ষার্থী উপাচার্য ভবনে প্রবেশ করতে চান। এ সময় উপাচার্য বাসায় নেই বলে তাদের প্রবেশে বাধা দেয় প্রক্টরিয়াল টিম। পরে বাসভবনের সামনেই কাঁথা, তোশক, বালিশ, কম্বল নিয়ে বসে পড়েন আন্দোলনকারীরা।
এ সময় তাদের ‘যাচ্ছি পচে গণরুমে, এখানে নাকি স্বপ্ন জমে’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানব না’, ‘গণরুমে আমরা থাকি, প্রশাসন খায়-দায় ঘুমায় নাকি’, ‘আমরা এখন চুপসে গেছি, জ্ঞানশূন্য কালোমাছি’ এসব স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম সমস্যা সমাধানে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসভবনে ওঠার ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button