বিনোদন

প্রথম একসঙ্গে এটিএম, তুষ্টি ও এ্যানি

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামানের সঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করার সৌভাগ্য হলো অভিনেত্রী শামীমা তুষ্টি ও এ্যানি খানের। কায়সার আহমেদ’র নির্দেশনায়, রিজওয়ান খানের রচনায় ‘মহাগুরু’ ধারাবাহিক নাটকে তারা তিনজন একসঙ্গে অভিনয় করছেন। বাংলাভিশনে প্রচার চলতি এই ধারাবাহিকটির এটিএম, তুষ্টি ও এ্যানি খানের পর্বগুলোর দৃশ্য ধারনের কাজ শেষ হলো চলতি সপ্তাহেই। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে তারা তিনজন এই ধারাবাহিকের শুটিং-এ অংশ নেন। নাটকের গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান। এতে শিলা চরিত্রে তুষ্টি এবং ভিন্ন কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন এ্যানি খান। এটিএম শামসুজ্জামানের সঙ্গে তুষ্টি প্রথম অভিনয় করেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকে।
এরপর আরো বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন। তবে এ্যানি খান ‘মহাগুরু’ ধারাবাহিকেই প্রথম এটিএম শামসুজ্জামানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলেন। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন,‘ এমনিতেই আমি এখন খুব কম কাজ করি। গল্প ভালো না লাগলে, অভিনয় করার সুযোগ না থাকলে আমার কাজ করার আগ্রহই হয়না। কায়সারের এই ধারাবাহিকের গল্পটা ভালোলেগেছে। কায়সার খুব ভালো মনের মানুষ, আবার বেশ গুনী একজন নির্মাতা। তারমধ্যে একজন সফল এবং গুনী নির্মাতার সবকিছুই আমি পেয়েছি। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক শিল্পীকেই কায়সার যথেষ্ট মূল্যায়ণ করেন।’ তুষ্টি বলেন,‘ কায়সার ভাইয়ের নির্দেশনায় আমি বেশ কয়েকবছর আগে একে শূণ্যে দশ নাটকে প্রথম কাজ করি। এরপর আরো অনেক নাটকেই কাজ করেছি। এটিএম আঙ্কেল’র সঙ্গে কাজ করা সত্যিই অনেক সৌভাগ্যের বিষয়। কারণ তার কাছে অনেক কিছুই শেখার আছে আমাদের। তারসঙ্গে অভিনয়ের সময়টাও ভীষণ উপভোগ করি আমি।’ এ্যানি খান বলেন,‘ এর আগে একটি চলচ্চিত্রে প্রথম এটিএম আঙ্কেলের সঙ্গে কাজ করার সুযোগ পাই। সেই চলচ্চিত্র’র প্রাসঙ্গিকতা আর টানতে চাইনা। তবে নাটকে মহাগুরু’তেই প্রথম আমি কাজ করার সুযোগ পাই।
বিশেষভাবে কৃতজ্ঞ কায়সার ভাইয়ের কাছে তারসঙ্গে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’ ‘মহাগুরু’ সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৯.০৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হয়। এদিকে এটিএম শামসুজ্জামান হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় ‘চাপাবাজ’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। তুষ্টি ‘গ্রামের নাম শিমুলপুর’,‘খানদানী পরিবার’, ‘চাপাবাজ’, ‘আবোল তাবোল’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে গত বুধবার এ্যানি খান এশিয়ান টিভির বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখী তারকা আড্ডা’র উপস্থাপনার কাজ শেষ করেছেন। এতে অংশ নিয়েছেন পপি, আইরিন, বাপ্পী। নয়া দিগন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button