জাতীয়শিরোনাম

প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণের ক্ষেত্রে সর্তক হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রকল্পের পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে উচ্চমূল্য নির্ধারণ করায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এ তাগিদ দেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে তিনি এসব তাগিদ দেন।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার অহেতুক সমালোচিত হতে চান না। আমরা পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের দাম নির্ধারণে সতর্ক হতে নির্দেশনা দিয়েছি। আমার জানামতে এই রকম কাজ আর হবে না। প্রকল্পের যে কোন দাম নির্ধারণের ক্ষেত্রে যাচাই বাছাই করে করে দাম নির্ধারণ করতে হবে।
এম এ মান্নান আরও জানান, প্রকল্প শেষ হওয়ার আগেই তা সংশোধনের প্রয়োজন হলে করতে হবে। কিন্তু শেষ হওয়ার পর যেন সংশোধনীর জন্য না আসে সে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তার পাশে গরিব মানুষের বাড়ি ও গ্রাম যাতে ভেঙে ফেলা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে অ্যালাইনমেন্ট পরিবর্তন করে হলেও অন্যপাশ দিয়ে রাস্তা ঘুরিয়ে নিতে হবে। তারপরও বাধ্য হয়ে মানুষের ঘরবাড়ি ভাংতে হলে তাদের উদারভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়া ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে যে বিদ্যুৎলাইন নির্মাণ করা হবে সেটি দিয়ে শুধু যে বিদ্যুৎ আমদানি হবে তা নয়, ভবিষতে হয়তো আমরা রফতানি করতে পারবো। সরকারের প্রকল্প তদারকি সংস্থা আইএমইডিকে শক্তিশালী করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান পরিকল্পনামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button