পৌরকর আদায়ে হিজড়াদের কাজে লাগানো হবে

সংবাদদাতা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পৌরসভার কর আদায়ে হিজড়াদের কাজে লাগানো হবে। জেলার হিজড়া কমিটির একটি দল পৌরসভার মেয়রের সাথে দেখা করতে গেলে এ কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন মেয়র আকবর হোসেন চৌধুরী।
রাঙ্গামাটি জেলার নয়নের নেতৃত্বে ১০জনের একটি দল সোমবার দুপুরে মেয়রের বাসায় যান। হিজড়া কমিটির সর্দার নয়ন বলেন, এই প্রথম কোনো নির্বাচিত মেয়র আমাদেরকে সময় দিয়েছে এবং আমাদের সমস্যার কথা শুনেছেন।
নয়ন বলেন, সমাজে আমাদের অনেকে হেয় দৃষ্টিতে দেখে। আমাদের সমস্যার কথা কেউ শুনতে চায়না। আমরা চাই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে। আমরা কাজ করে খেতে চাই। নয়ন বলেন, আমাদের নিজেদের কোনো বাসস্থান নেই, কোনো কাজ নেই। আমরা কাজ করে পরিশ্রম করে খেতে চাই। মেয়রের সাথে কথা বলে আমরা অনেকটাই আশাবাদী। মেয়র বলেছেন আমাদের কাজে লাগানো হবে। আমরা হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে মেয়রকে ধন্যবাদ জানাই।
এ প্রসঙ্গে মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সকল মানুষই সৃষ্টিকর্তার সৃষ্টি। সকলকেই সম্মান করতে হবে। মেয়র বলেন, তারা ৩য় লিঙ্গ বা হিজড়া হলেও তাদের আমি সম্মান করি। তারা আমাকে তাদের যেসব সমস্যার কথা বলেছেন আমি যতটুকু পারি তা সমাধানের চেষ্টা করবো।
মেয়র বলেন, পৌরসভার মূল শক্তি হচ্ছে পৌরকর। এসব কর আদায়ে আমাদের জনবলও তেমন নেই, তাই চিন্তা করছি কর আদায়ে ৩য় লিঙ্গ বা হিজড়াদের কাজে লাগানো হবে। মেয়র বলেন, শহরে খেলাপি করের পরিমাণ অনেক বেশি। তাই খেলাপি কর আদায়ে হিজড়াদের কাজে লাগানো হবে। পরে মেয়র হিজড়াদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন।



