পৈত্রিক সম্পতি ফিরে পেতে মানিকগঞ্জে একটি পরিবারের অনশন

মানিকগঞ্জ প্রতিনিধি : পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়া ও আইনী সহায়তা পেতে মানিকগঞ্জে স্ত্রী সন্তান নিয়ে কাজী জহির আলম নামে এক ব্যক্তি প্রতিকী অনশন পালন করেছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করেন।
অনশন করা কাজী জহির আলম বলেন, মানিকগঞ্জ শহরের চাঁন মিয়া লেনে তাদের পৈত্রিক চার তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। সেখানে কাজী জহির আলমসহ তার তিন ভাই একসাথে বসবাস করে । দীর্ঘদিন ধরে তিনি ওই ভবনের নিচ তলার সিড়ির নিচে চায়ের দোকান করে আসছেন। তিনি তার পৈত্রিক সম্পত্তির অংশ বুঝিয়ে দিতে বললে তার ভাইয়েরা ও তাদের সন্তানরা তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এর জের ধরে, গত ২ ই মে দুপুরে জহির আলমের দোকানে তারা হামলা চালায়। জহির আলমের আর্ত-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। মারাতœক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় তিনি মানিকগঞ্জ সদর থানায় সাত জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, কাজী জহির আলমের ভাই কাজী এমদাদুল হক (৪৫), কাজী আওয়াল হোসেন (৪২) ও কাজী শাহ আলম (৫২), কাজী আবুল হোসেন (৭০), কাজী আবুল হোসেনের ছেলে কাজী শাওন (২৯), আরেক ভাই কাজী সিদ্দিকুর রহমানের ছেলে কাজী হৃদয় (৩০) ও কাজী উদয় (৩৫)।
তিনি আরো বলেন, তার কোনো ছেলে সন্তান নেই, এই সুযোগে তার ভাইয়েরা ও তাদের সন্তানরা তার তিন কন্যাকে খুন করে সম্পতি আত্মসাতের চেস্টা করছে। থানায় লিখিত অভিযোগ না রাখায় নিরুপায় হয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো আইনগত সহায়তা পাওয়া যায়নি।




