রাজনীতিশিরোনাম

পুলিশের বেতন বন্ধ করুন, তাদের পোশাকই যথেষ্ট: এমপি বাদল

পুলিশের বেতন বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদল৷ তিনি বলেছেন, তাদের (পুলিশ) জন্য পোশাকই যথেষ্ট।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে যাত্রী অধিকার দিবস ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভায় এমন দাবি তুলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের এই সভাপতি ।
বাদল বলেন, আমার কাছে একজন কনস্টেবলের চাকরির জন্য এসেছিলেন। আমি তাকে বললাম, এ চাকরি করে কয় টাকা বেতন পাবা? তার উত্তর ছিল, বেতন লাগবে না। কেবল পোশাক থাকলেই চলবে। কনস্টেবলের চাকরি করে তার অবস্থা এখন বেশ ভালো। তাই সরকারকে বলব- পুলিশের বেতন বন্ধ করুন। পোশাকই তাদের জন্য যথেষ্ট।
পাশাপাশি ভিআইপিদের আইন লঙ্ঘনেরও সমালোচনা করেন প্রবীণ এই রাজনীতিবিদ৷ তিনি বলেন, ভিআইপিরাই সবচেয়ে বেশি নিয়ম লঙ্ঘন করেন। তারা ক্ষমতার দম্ভ দেখান। যাদের ওপর আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আরও বেশি আইন লঙ্ঘন করেন। ঢাকা সিটির ফুটপাত ঠিক করে মানুষের হাঁটার উপযোগী করা জরুরি। ফুটপাত ঠিক না হওয়ার প্রধান কারণ, এখান থেকে কোনও টাকা ইনকামের রাস্তা নেই।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন টিআইবি ট্রাস্টির চেয়ারপারসন ও বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রমুখ।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button