পুলিশের ধারণা প্রেমঘটিত : বদরগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে মুক্তা খাতুন(১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। পুলিশের ধারণা- প্রেমঘটিত বিষয়ে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করতে পারে। বুধবার ওই কলেজ ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য- মুক্তার বাবার নাম হবিবর রহমান। তার বাড়ি গোপিনাথপুর ইউনিয়নের শালবাড়ি এলাকার আমবাগানবাড়িতে মুক্তা এইচএসসি পাস করে বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গত মঙ্গলবার দুপুরে ওই কলেজ ছাত্রী বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মা আয়েশা বেগমের দাবী- সে দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিল। রোগ যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।
বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী বলেন, পেটের পীড়ায় নয়; প্রেম ঘটিত বিষয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এঘটনায় বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এলাকাঘুরে জানা গেছে- ওই কলেজছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল। ওই বিয়েতে মত ছিলনা কলেজ ছাত্রীর। এলাকার লোকজনের ধারণা- একারণে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।




