রাজনীতিশিরোনাম

পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন নিলেন দুজন

পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হতে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিক দলের নেতা মো. আহসান হাবিব।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার সকাল থেকে পাবনা-৪ আসনের উপনির্বাচনের ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।
কাল সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়নপ্রত্যাশীদের ২৫ হাজার টাকা জামানতসহ পূরণ করা ফরম জমা দিতে হবে কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরে।
বিকেলে হাবিবুর রহমান হাবিব বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে ফরম সংগ্রহ করেন।
রিজভী বলেন, ‘আপনারা জানেন, আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য যেমন আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি। আমরা জানি এই নির্বাচনের পরিণতি কী হয় জেনেও গণতন্ত্র প্রসারণের জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা জানি নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এটির যে একটা সুষ্ঠু ব্যবস্থা সেটা সরকার ভেঙে ফেলেছে। এগুলো যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, আবার যাতে সুষ্ঠু নির্বাচন করা যায়, আবার যাতে দেশে সুষ্ঠু ভোট হয় সেটারই অংশ হিসেবে, আন্দোলনের অংশ হিসেবে এই উপ-নির্বাচনে আমরা অংশ নিচ্ছি।’
দলের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পাবনা-৪ উপনির্বাচনে সুষ্ঠু ভোট হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।’
আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন। গত ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button