
নিজেকে ‘পাপা কি পরী’র বলে বর্ণনা করতেন ভারতের বিতর্কিত ধর্মগুরু সিংয়ের পালিতা কন্যা হানিপ্রীত সিং। এরপর ধর্ষণকাণ্ডে ধর্মগুরুর হাজতবাসের পর থেকেই অবস্থা পড়তে থাকে হানিপ্রীতের। বেশ কিছুদিন পুলিশের নজরে ধুলো দিয়ে ঘোরার পর এবার জেলের ঘানি টানতে হচ্ছে তাকেও।
তবে হানিপ্রীত সিংয়ের এখন যা অবস্থা তাতে, তার একটি আইনজীবী রাখারও আর্থিক ক্ষমতা নেই। যাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিত হানিপ্রীত, সেই সমস্ত শাগরেদও এখন ফেরার। বাকি ১৫ জন রয়েছে জেলেই।
জানা গেছে, তার আর্থিক অবস্থা নিয়ে আম্বালা জেল কর্তৃপক্ষকে হানিপ্রীত একটি চিঠিও লেখেন। তাতে হানিপ্রীত জানান, আইনজীবীকে দেয়ার মতো টাকাটুকুও তার নেই। আগামী ৭ ডিসেম্বর তার বিরুদ্ধে চলা মামলা রয়েছে পাঞ্চকুলা আদালতে।
উল্লেখ্য, গুরমত সিং রামরহিমের কীর্তি ফাঁস হতেই হানিপ্রীতের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। তার ফলেই এখন প্রায় আর্থিকভাবে বিপর্যস্ত হানিপ্রীত।
হানিপ্রীতের বিরুদ্ধে গুরমত সিংকে পাঞ্চকুলা জেল থেকে পালাবার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। এককালে হরিয়ানায় গুরমত সিংয়ের সিরসা আশ্রমে হম্বিতম্বি করা হানিপ্রীতের এই হাল সত্যিই অভাবনীয়।




