পাকিস্তান ২০০ ভাগ নিরাপদ: শ্রীলঙ্কা অধিনায়ক
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে টেস্ট খেলার জন্য দল পাঠাতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু দেশটিতে অনিরাপত্তার কিছু দেখছেন না শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে। তার দৃষ্টিতে পাকিস্তান ‘২০০ ভাগ’ নিরাপদ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর দেশটিতে আবার সফরে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ক্রিকেটার।
এক দশক আগে শ্রীলঙ্কান দলের টিম বাসে হামলার পরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত হয়েছিল। সেই শ্রীলঙ্কাই পাকিস্তানে সাদা পোশাকের খেলা ফেরানোর সঙ্গী হয়েছে। দেশটিতে এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচও খেলেছিল তারা।
সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের কাছে ১-০ ব্যবধানে হারলেও দেশটির নিরাপত্তা ব্যবস্থান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে করুনারত্নে বলেন, “২০০ ভাগ নিরাপদ। খুবই ভালো। তারা আমাদের বাবার মতো নিরাপত্তা দিয়েছে। তারা আমাদের সঙ্গে সবসময় কথা বলেছে। প্রতিটা মুহূর্তে তারা আমাদের পাশে ছিল।”
“আমরা যখনই কোথাও খেতে বা অন্য কিছু করতে গিয়েছি, তারা সেখানে ছিল। আমরা এখানে নিরাপদ বোধ করেছিলাম। তারা অসাধারণ দায়িত্ব পালন করেছে। পাকিস্তানের সমর্থকরাও অসাধারণ- তারা আমাদের সমর্থন করেছে।”
পাকিস্তানকে নিরাপদ উল্লেখ করে অন্য দেশগুলোকে দেশটি সফরে আসার আহ্বান জানিয়েছেন করুনারত্নে, “আমি যেটা বলব, দেশটা সত্যিই নিরাপদ। যেসব দেশ ক্রিকেট খেলে তারা সবাই এখানে আসতে পারে। টেস্ট, টি-টোয়েন্টি বা ওয়ানডে ক্রিকেট খেলতে পারে। পাকিস্তানে খেলা নিরাপদ।”
পাকিস্তান যে পুরোপুরি নিরাপদ শ্রীলঙ্কা দলের সফরের মাধ্যমে সে বার্তা গোটা বিশ্ব জানতে পেরেছে বলে বিশ্বাস পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি, “এখন গোটা বিশ্ব জানে, পাকিস্তানে ক্রিকেট ফিরেছে এবং দেশটি পুরোপুরি নিরাপদ। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। শ্রীলঙ্কা খেলোয়াড়রাও খুব খুশি।”
বাংলাদেশ প্রসঙ্গে পিসিবি প্রধান
আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে বিসিবি এরই মধ্যে পাকিস্তানের বোর্ডকে জানিয়ে দিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে চায় পাকিস্তানে। অনুরোধ করা হয়েছে নিরপেক্ষ কোনো ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজন করতে।
তাতে রাজি নন মানি। বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজটিই পাকিস্তানের মাটিতে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী পিসিবি প্রধান, “পাকিস্তানের হোম টেস্টগুলো কোথায় অনুষ্ঠিত হবে এ নিয়ে কাউকে কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়।”
“বাংলাদেশ বা অন্য কারোর বিপক্ষে পাকিস্তানে সবগুলো ম্যাচ পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। কারোর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এখনও বিশ্বাস করি, বিসিবি এ বিষয়টাতে নজর নেবে এবং পাকিস্তান সফরে না আসার কোনো কারণ নেই এটা তারা মেনে নেবে।”
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সময় ক্রাইস্টচার্চের ঘটনা উল্লেখ করে পিসিবি প্রধান মানি বলেন, “ক্রাইস্টচার্চে কী ঘটেছিল (যে মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল এর কাছেই ছিল বাংলাদেশ দল)। এ ধরনের ঘটনা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ গোটা বিশ্ব জুড়েই ঘটে। নিরাপত্তার দিক থেকে ভারতের অবস্থা তো পাকিস্তানের চেয়ে খারাপ।”
“যারা পাকিস্তানে আসতে উদ্বিগ্ন, আমরা তাদের সবার কথা শুনবো। কিন্তু এখানে আসাটা নিরাপদ নয় তাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমি কোনো খেলোয়াড়ের নিরাপত্তা নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে ঝুঁকি নিতে চাই না।”



