sliderস্থানিয়

পবিত্র হজ ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, কলেজশিক্ষক গ্রেপ্তার

রতন রায়হান, রংপুর: রংপুরের কাউনিয়ায় পবিত্র হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার নামে প্রতারণার একাধিক মামলায় মোহাম্মদ আলী বাবু নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) তাকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৫ মে) রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদ আলী বাবু উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ওই এলাকার মীরবাগ কলেজের প্রভাষক।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বলেন, স্থানীয় কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু প্রতারণা করে হজে পাঠানো ও চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। হজে যেতে না পারা এবং চাকরি না পাওয়া ভুক্তভোগী ব্যক্তিরা মামলায় করেছেন।

তিনি আরও বলেন, অর্থ আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি ও রংপুরে আদালতে তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার থাকেন না এবং কলেজের আসেন না বাবু। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআই বলেন, শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি বাবুর অবস্থান শনাক্ত করে পুলিশ। রাতেই কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ি থেকে বাবুকে আটক করে। পরে তাকে রংপুর মহানগর থেকে থানায় নেওয়া হয়।

কাউনিয়া থানার ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। পরোয়ানা মূলে তাকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button