বিনোদন

‘পদ্মার ভালোবাসা’ নিয়ে কলকাতায় আইরিন

মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। ওয়েব সিরিজ, চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে জুটি বেঁধে কাজ হিরো সুমিত সেনগুপ্তের সঙ্গে। হারুন-উজ-জামান পরিচালিত এই জুটির ‘পদ্মার ভালোবাসা’ সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। আগামী ২০ সেপ্টেম্বর ছবিটি ওপার বাংলায় মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘‘পদ্মার ভালোবাসা’ সিনেমায় ষাটের দশকের চিত্র দেখানো হয়েছে। এই সিনেমায় আমি গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটির গল্প পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। গল্পটি আমার ভালো লেগেছে। এতে বেশ কয়েকটি লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। আশা করছি, দর্শকদের কাছেও ভালো লাগবে।’’
আইরিন আরও বলেন, ‘আগামী ২০ সেপ্টেম্বর প্রথমে ভারতের ২৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। আগামী ১ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হবে।’

স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। প্রথমে সিনেমাটির নামকরণ করা হয় ‘পদ্মার প্রেম’। পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয় ‘পদ্মার ভালোবাসা’।
প্রসঙ্গত, আইরিন সুলতানা, হাস্যময়ী চেহারার অধিকারী এই চিত্রনায়িকা। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ পদবি জয় করেন। এরপর র‌্যাম্প মডেলিং, ছোট পর্দা এবং চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।আইরিন অভিনীত বেশ কিছু ছবি হয়েছে প্রশংসিত। বর্তমানে তিনি বেশ কিছু ছবির কাজে ব্যস্ত রয়েছেন।এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আইরিনের ‘সেভ লাইফ’, ‘রৌদ্রছায়া’, ‘ভোলা’, ‘গন্তব্য’, ‘টার্গেট’ ‘আহারে জীবন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button