
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নেশা করার জন্য টাকা চেয়ে না পওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে তার মাদকাসক্ত বখাটে ছেলে জুয়েল (২৫) ।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাত সোয়া ৪ (চার)টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আবদুস সোবাহানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আব্দুস সোবাহান বৈশাখিয়া বাজারে ব্যবসা (রেস্টুরেন্ট) করেন। তিনি দোকান সংলগ্ন এলাকার বাসিন্দা। অভিযুক্ত জুয়েল ঘটনার পরপরই পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বখাটে জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় জুয়েল তার বাবাকে টাকার জন্য চাপ দেয়। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বেড়িয়ে যায় জুয়েল । সারারাত বাইরেই কাটায়। ভোররাতে ব্যবসায়ী আব্দুস সোবাহান ফজরের নামাজের জন্য উঠে অজু করতে বাইরে যাওয়ার জন্য ঘরের দরজা খুললে জুয়েল ঘরে ঢুকে তার বাবার কাছে ফের টাকা চায় । টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার বাবাকে কুপিয়ে জখম করে । এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।
বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত জুয়েল ইতোপূর্বে কয়েককবার নেশার জন্য টাকা না দেওয়ায় তার বাবাকে মারধর করেছে। জুয়েলের বাবা তার কাছে (নালিশ) অভিযোগও করেছিলেন। অভিযোগ পেয়ে তিনি জুয়েলকে শাসিয়ে ছিলেন। এমনকি পুলিশ দিয়েও ভয়ভীতি দেখিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


