নেইমারের নৈপুণ্যে বলিভিয়ার বিপক্ষে বড় জয়

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের নৈপুণ্যে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়া এক প্রকার উড়েই গেল। বলিভিয়ার বিপক্ষে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা ৫-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে। নেইমার নিজে করেছেন ১ গোল, আর দুটি গোলে ছিল তার অসামান্য অবদান। ৬৯ মিনিটে যদি তাকে রক্তাক্ত অবস্থায় বের না হতে হতো তাহলে পরিসংখ্যানটা হয়তো আরো সমৃদ্ধ হতে পারতো।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে নাতালের দাস দুনাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে খেলায় সাম্বা ছন্দ দেখায় ব্রাজিল। আজকের খেলাটি ছিল শুধুই নেইমারময়। খেলার প্রথমেই দলকে এগিয়ে নেন নেইমার। এরপর ফিলিপে লুইস আর গাব্রিয়েল জেসুসের গোলে বড় অবদান রাখেন তিনি। এই গোলের ফলে ব্রাজিলের হয়ে নেইমারের গোল সংখ্যা ৪৯টি। তিনি এখন ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। সামনে শুধু রোমারিও, রোনালদো আর পেলে।
খেলার শুরুর পর গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ১১তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার রোনাল্দ রালদেসের পা থেকে বল নিয়ে জালে পাঠান নেইমার। এরপর ২৬ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার কৌতিনিয়ো।
৩৯তম মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন লুইস। তবে এই গোলে অসামান্য অবদান রাখেন নেইমার। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের ডি-বক্সে নিখুঁতভাবে বল বাড়ান তিনি। সেখান থেকে গোলরক্ষককে ফাঁকি দিতে সমস্যা হয়নি আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার লুইসের। এরপর প্রথমার্ধের একেবারে শেষ দিকে নেইমারের নিখুঁত পাসে বল জালে পাঠান ১৯ বছর বয়সী জেসুস।
দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও গোল পায়নি বলিভিয়া। ৫৪তম মিনিটে ডি-বক্সে ঠিক বাইরে থেকে নেওয়া নেইমারের জোরালো শট কোনরকমে ঠেকান গোলরক্ষক লামপে। এরপর ৬৯ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কনুইয়ের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি।
নেইমার চলে যাওয়ার পর ৭৫তম মিনিটে কৌতিনিয়োর কর্নারে কাছ থেকে হেডে বল জালে পাঠান জেসুসের বদলি হিসেবে মাঠে নামা লিভারপুলের ফিরমিনো। দুর্দান্ত এই জয়ের পর বাছাইপর্বে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। ১৯ পয়েন্ট নিয়ে নবম রাউন্ড শেষে শীর্ষস্থান ধরে রেখেছে উরুগুয়ে। এছাড়াও একুয়েডর আছে তৃতীয়, কলম্বিয়া আছে চতুর্থ স্থানে এবং আর্জেন্টিনা পঞ্চম স্থানে।




