sliderস্থানিয়

নীলফামারীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

তপন দাস, নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের পাথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে। অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। ওই মামলায় আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি ছোট ভাই আবুল হোসেনের দখলে থাকায় বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ঘটনার বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button