নিষিদ্ধ খালিদ লতিফকে হত্যার হুমকি!

দুর্নীতির দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়া পাকিস্তানী ক্রিকেটার খালিদ লতিফকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী বদর আলম।
জিও সুপার চ্যানেলকে তিনি বলেন, ‘জুনের তৃতীয় সপ্তাহে ফোন করে অপরিচিত এক ব্যক্তি স্পষ্ট কণ্ঠে বলেন, তিনি যদি কোন ঝামেলা করেন কিংবা স্পট ফিক্সিংয়ের মামলায় নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন তাহলে তাকে করাচীতে তার পিতা-মাতার কবরের পাশে দাফনের ব্যবস্থা করা হবে।
পিএসএলে খালিদ লতিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগের বিরুদ্ধে লড়া এই আইনজীবী বলেন, তার মক্কেল সঙ্গে সঙ্গে এই হুমকির কথা তাকে জানিয়েছিলেন। সেই সঙ্গে স্পট ফিক্সিং বিষয়ে আদালতে নীরব থাকার অনুরোধ জানিয়েও কিছু ক্ষুদে বার্তা তার মোবাইলে পাঠানো হয়েছে।
আলম বলেন, ‘এ কারণে আমি কিছু বলিনি। কিন্তু এখন খালিদ নিষিদ্ধ হয়েছেন। সেই সঙ্গে জরিমানাও করা হয়েছে। আমি আমার মক্কেল ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বরাবরে একটি আবেদন জমা দিয়েছি।’ বাসস।




