নারীর ক্ষমতায়নে সেলাই প্রশিক্ষনার্থীদের সনদ ও চেক প্রদান

আছিয়া আক্তার,সিংগাইর মানিকগঞ্জ : “আয়বর্ধনমুলক কাজ করি,ক্ষমতায়ন নিশ্চিত করি” নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, সমঅধিকার প্রতিষ্ঠা করি” এই ধরনের বিভিন্ন স্লোগান কে ধারণ করে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলে দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক কাজ করছে। কমিউনিটি পর্যায়ে যোগ্যতমের মাঝে সরকারি সেবা পৌঁছে দিতে বারসিক ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ সংলাপের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সেলাই,মৎস্য ও গবাদিপশুর প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত হয়।

তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ সিংগাইর বায়রা ইউনিয়নের পাছপাড়া গ্রামে আরশেদা বেগমের বাড়িতে সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত ৭ দিনব্যাপী পোষাক তৈরী বিষয়ক প্রশিক্ষণে সফলকামীদের মাঝে সনদপত্র ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বকুল ফুল কিশোরী ক্লাব এর সভাপতি মহুয়া সারমিন এর সভাপতিত্বে ও বারসিক কর্মী রিনা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব খায়রুন নাহার। আরো কথা বলেন উপজেলা যুব উন্নয়ন কোষাধ্যক্ষ ইশরাত পারভীন, বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম,আছিয়া আক্তার,দিপা আক্তার,সামান্তা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন স্বল্পমেয়াদী এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যতটুকু শিখতে পেরেছেন সেটুকু ধরে আরও নতুন কিছু শিখতে হবে। প্রতিদিন রেওয়াজ করতে হবে। পারিবারিক পোষাক তৈরী ও বারতি কাজ করার মানসিকতা থাকতে হবে।এভাবে স্বাবলম্বিতা অর্জন করে নারীর টেকসই ক্ষমতায়নের মাধ্যমে নারী পুরুষে বৈষম্য হ্রাস হলে নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।




