
মোঃ কামরুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধি: নানিয়ারচর উপজেলাবাসী সম্মিলিত উদ্যোগে এলাকার সার্বিক কল্যাণ, মারের অন্তরায় ও উপদ্রব থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সফলভাবে ৭ম “সর্বজনীন মহাসংঘদান” অনুষ্ঠিত হয়েছে।
নানিয়ারচর এলাকাবাসী ও সর্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির যৌথ আয়োজনে সকাল ৯.০০ ঘটিকায় এই পূণ্যময় অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাস্থবির সহ অন্যান্য শ্রদ্ধেয় ভিক্ষুগণ উপস্থিত থেকে ধর্মদেশনা ও আশীর্বাদ প্রদান করেন।
অনুষ্ঠানে সম্মানিত পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিঃযুগ্ম জেলা জজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
অনুষ্ঠানকে সফল করার জন্য উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয় ভূমিকা পালন করেন। এই মহতী আয়োজনে এলাকার কয়েক হাজার পূণ্যার্থী সমবেত হন এবং বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলের জন্য প্রার্থনা করেন।
এই ‘সর্বজনীন মহাসংঘদান’ মূলত দেব-মনুষ্য তথা বিশ্বের সকল প্রাণীর হিতসুখ, মঙ্গল এবং এলাকার সার্বিক কল্যাণে অনুষ্ঠিত হয়।




