নলছিটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা এলাকায় বরিশাল-পটুয়াখারি-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র এসএসসি পরীক্ষার্থী তমাল ভট্টাচার্য(১৭) ওই এলাকার জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয়
করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বরিশাল থেকে আগত একটি বাস দপদপিয়া জিরো পয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হন। নিহত দুজনই স্থানীয় বাসিন্দা।
দূর্ঘটনার পরে উত্তেজিত ছাত্র ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বরিশাল-পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যাক যানবাহন আটকা পরে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসকে আটক করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মু.আতাউর রহমান।




