
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে নলছিটি থানায় দায়ের করা মামলা নং-০৮, জিআর-১০০/২০২৬, তারিখ ৯ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ৭/৮/৯/১০/১১/১২/১৩ মামলায় সন্দিগ্ধ হিসেবে সোমবার (২৩ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে ২ জন এবং দুপুরে পৌর এলাকার নান্দিকাঠী থেকে একজনকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন,দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার রুস্তম আলী হাওলাদারের ছেলে দলের অর্থদাতা হিসেবে মোঃ মামুন হাওলাদার (মেকার মামুন) (৪২), বরিশাল নগরীর গ্যাসটারবাইন এলাকার গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৩৮) এবং নলছিটি পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে পৌর ছাত্রলীগ (নিষিদ্ধ)’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাজু।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ জুন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ সেতুর দক্ষিণ পাশে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন শ্লোগান দিতে দিতে খয়রাবাদ সেতু অতিক্রম করে ঝালকাঠির নলছিটি প্রবেশ সীমানা গেট এলাকায় গিয়ে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন গলি পথে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত দুইজনসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান,“গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে, এবং মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।”




