নতুন ঘর পেয়ে সন্তানদের নিয়ে বাঁচার নতুন শক্তি পেয়েছি

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার কয়েকজন উপকার ভোগীরা জানান, স্বামী ও সন্তানদের নিয়ে সারা জীবন অন্যের বাড়িতে থাকতেন, স্বামী কাজ করে কোনমতে সংসার চালালেও নিজে জমি ক্রয় করে বাড়ি নিমার্ণ করা সম্ভব ছিল না। কখনো স্বপ্নেও ভাবিনি নিজেদের একটি ঘর হবে। সেই ঘরে সন্তানদের নিয়ে বসবাস করতে পারবো। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জায়গাসহ নতুন ঘর পেয়ে সন্তানদের নিয়ে বাঁচার নতুন করে শক্তি পেয়েছি।
ঈদের আগেই তৃতীয় পর্যায় নিয়ামতপুরে ৫৫ টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী উপহারের ঘর।পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। এবারের ঈদটা নতুন ঘরে অন্য রকম আনন্দ দেবে তাদের। ফলে খুশির অন্ত নেই সেসব গৃহহীন-ভূমিহীন পরিবারের মানুষগুলোর।
মঙ্গলবার ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করার পর এসব গৃহ ও জমির দলীল হস্তান্তর করেন, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারি কমিশনার( ভূমি) মনজুরুল আলম,কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। উপজেলা ৮ টি ইউনিয়নের মোট ৫৫ জনকে দুই শতক জমি সহ ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৫৫টি ঘর দুই শতক জমি সহ হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও উপকারভোগীদের নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের সাথে উপজেলার যারা সংশ্লিষ্ট তারা যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন। এই কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।




