Uncategorized

ধামরাইয়ে তুলা কারখানায় অগ্নিকান্ড, নারী শ্রমিকের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ হয়ে কুলসুম বেগম নামে (৪০) এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সোমবার সন্ধ্যায় ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি এলাকায় মায়ের দোয়া নামে একটি তুলার কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম টোপেরবাড়ি গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী জানান, ধামরাইয়ের কুনী কুশুরা এলাকার ছানোয়ার হোসেনের মালিকানাধীন টোপেরবাড়ি এলাকায় গড়ে উঠা তুলা কারখানায় প্রতিদিনের মতো সোমবারও ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ তুলার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় কারখানার সকল শ্রমিক দৌড়ে বের হতে পারলেও কুলসুম বেগম নামে এক নারী শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে তার শরীরের ৮০ ভাগ ঝলসে যায়। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং অগ্নিদগ্ধ শ্রমিক কুলসুম বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে আহত কুলসুম বেগম মারা যান।
এদিকে অগ্নিকান্ডের পর থেকেই কারখানার মালিক এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, তুলা কারখানায় অগ্নিকান্ডে এক নারী শ্রমিক মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button