ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট দেওয়া প্রিতম সরকারকে কোর্টে প্রেরন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলার বরকোটা গ্রামের মনোরঞ্জন সরকারের পুত্র প্রিতম সরকারকে ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে কুমিল্লার কোর্ট আদালতে প্রেরণ করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
চারদিন পূর্বে প্রিতম সরকার তার ফেসবুক আইডিতে আল্লাহ এবং মসজিদ নিয়ে একটি কটুক্তি মূলক পোস্ট করে, এটি ভাইরাল হলে ফুঁসে ওঠে ইসলাম প্রিয় তৌহিদী জনতা। যদিও তার আইডি হ্যাক হয়েছে বলে প্রিতম সরকার দাবি করে কিন্তু তারপরও সোমবার দুপুরে প্রিতম সরকারের বিচার দাবিতে অসংখ্য জনগন নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করতে থাকে। সে ওই স্কুলে খন্ড কালীন বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত ছিল। খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান এবং মডেল থানার ওসি মোঃ আলমগীর ভুইয়া বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রিতমকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার কোর্ট আদালতে প্রেরণ করা হয়। ওসি আলমগীর ভুইয়া জানান, প্রীতমের বিরুদ্ধে সাইফুল ইসলাম বাদি হয়ে অভিযোগ দায়ের করে, যা পেনাল কোড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান জানান, প্রিতম সরকার ২০১৯ সালে মাসিক আট হাজার টাকা বেতনে এখানে খন্ড কালীন বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করে। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারনে কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সোমবারই বরখাস্ত করা হয়েছে।
প্রিতম সরকার স্থানীয় বরকোটা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং নরসিংদী কালী কুমার কলেজ থেকে এইচএসসি এবং তিতুমীর কলেজ থেকে অনার্স/ মাস্টার্স করেছে বলে জানাগেছে। তার পিতা মাতা, চারবোন এবং সে একমাত্র পুত্র সন্তান। আট হাজার টাকা বেতনে চাকুরী নিলেও কোচিং প্রাইভেট ছিল তার আয়ের মূল উৎস। তার পিতা মনোরঞ্জন সরকার নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে মেকানিকাল পদে কর্মরত ছিলেন বর্তমানে অবসরে।




