ধরা পড়ে গেলেন কোহলি! সমালোচনার ঝড়

ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রতিপক্ষ শিবিরে ত্রাস সৃষ্টি করেন। দলকে জয়ের বন্দরে পৌঁছাতে তার এই বিধ্বংসীরূপ সবার জানা। আর যখন ফিল্ডিংয়ে থাকেন তখনও আগ্রাসী তিনি। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে নানা কৌশলে পটু। এবারও তার ব্যতিক্রম হলো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এবারও বিতর্কিত এক কাণ্ড করে বসলেন তিনি। আর তাতে ধরাও পড়ে গেছেন তিনি।
কী সেই ঘটনা?
ক্রিজে সবে মাত্র এসেছেন প্রোটিয়া ব্যাটসম্যান তাবরাইজ শামসি। আত্মরক্ষার জন্য চেস্ট প্যাড পরেছিলেন তিনি। সাধারণত বাউন্সি পিচে পেস বোলিংয়ের সময় বাউন্সারের আঘাত হতে বুক আত্মরক্ষার এই প্যাড পরে থাকেন ব্যাটসম্যানরা। তবে ওই মুহূর্তে শামসিকে মোকাবেলা করতে হচ্ছিল রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে।
ঠিক তখন শামসিকে বিদ্রুপ করে কোহলি বলতে শুরু করেন, ‘চেস্ট প্যাড? শাম্মো চেস্ট প্যাড পরেছ?’
তাতে হয়ত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন শামসি। পরের বলেই কুলদীপ যাদবের বলে হার্দিক পান্ডেয়ার তালুবন্দি হন তিনি। ২ বলে কোনো রান করেই ফিরে যান তিনি।
স্লেজিংয়ের এই ঘটনায় ধরা পড়ে গেছেন কোহলি। স্ট্যাম্প মাইকে এই বাক্য রেকর্ড হয়ে গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্লেজিংয়ের জন্য জরিমানার বিধান থাকা উচিত বলে মন্তব্য করেন অনেকে।
উল্লেখ্য, আইপিএলে একই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এক সময় খেলেছেন শামসি এবং কোহলি।



