Uncategorized

দৌলতপুরে যুবলীগ নেতার হামলায় দুই ইউপি সদস্য আহত

এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে যুবলীগ নেতার হামলার শিকার হয়ে দুই ইউপি সদস্য আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মান্দারদাতা বাজারে যাত্রী ছাউনী নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে হামলায় আহত ওই দুই ইউপি সদস্য এখন দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গতকাল রোববার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গুরুতর আহত সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার বীরমুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান (৬০) ও ৮ নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান(৪৫)। শনিবার উপজেলার মান্দারদাতা বাজারে এই ঘটনা ঘটে ।
এদিকে ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও ইউপি সদস্য শফিকুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘিওর-দৌলতপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে চকমিরপুর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, আ’লীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইউপি সদস্য সামসুল হক, টুনা শেখ, জিল্লুর রহমান পিন্টু, আব্দুল মান্নান মিন্টু, নাজমা আক্তার, আনোয়ারা বেগম প্রমূখ। এসময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ করে।
চকমিরপুর ইউপি চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম শফিক জানান, এলজিএসপি প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৯ নং ওয়ার্ডের সদস্য মুক্তিযোদ্ধা সায়েদুর রহমান ও ৮নং ওয়ার্ডের সদস্য শফিকুর রহমান শ্রমীকদের নিয়ে মান্দারতা বাজারে যান। এসময় আজাদ হোসেন, তার ছেলে শুভ, সামসুদ্দিন চুন্নু সহ তিনচার জন এসে কাজে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদ তার লোকজন নিয়ে দুই ইউপি সদস্যের ওপর হামলা চালান। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুই মেম্বারকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এরআগে ওই যুবলীগ নেতা তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ার জেরে এ হামলা চালায় ওই যুবলীগ নেতা। আবুল কালাম আজাদের নেতৃত্বে ৫/৬ জন লাঠিসোটা নিয়ে মেম্বারদের উপর হামলা চালায় । পরে স্থানীয় লোকজন আহত দুই মেম্বারকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে ।
যুবলীগ নেতা আবুল কালাম আজাদ জানান, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ও বর্তমান শফিকুল ইসলাম শফিক যাত্রী ছাউনী নির্মাণের জন্য একটি স্থান নির্ধারন করে দেয় । কিন্তু সেখানে না করে অন্য স্থানে করতে নিষেধ করা হলে মেম্বাররা উত্তেজিত হযে যায় পরে ধাক্কাধাক্কি হলে পড়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা আহত ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোজ খবর নেন । তিনি বলেন- চেয়ারম্যান এর সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, দুই ইউপি সদস্যকে মারপিটের ঘটনা শুনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button