দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা সাড়ে ৩০ লাখ

বাংলাদেশে নিবন্ধিত করদাতার সংখ্যা সাড়ে ৩০ লাখ ছাড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী গত আগস্ট পর্যন্ত দেশে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিবন্ধন করেছেন ৩০ লাখ ৫০ হাজার ৪০৫ জন।
দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তাদের ই-টিআইএন বাধ্যতামূলক করায় নিবন্ধিত করদাতার সংখ্যা দ্রুত বাড়ছে বলে ধারণা এনবিআরের।
বর্তমানে ই-টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখের ওপরে এই তথ্য জানিয়ে এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এর মাধ্যমে প্রমানিত হয় দেশের নাগরিকরা কর প্রদানে সচেতন হচ্ছেন। এনবিআরের প্রতি জনগণের আস্থা বাড়ছে। হয়রানিমুক্ত পরিবেশে তারা স্বপ্রণোদিত হয়ে ই-টিআইএন নিবন্ধন করছেন। প্রতি মাসে অন্তত ৫০ হাজার নতুন করদাতা ই-টিআইএন নিবন্ধন করছেন।’
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই নিবন্ধিত করদাতার সংখ্যা ৫০ লাখ নিয়ে যেতে হলে হলে প্রতিবছর ৭ থেকে ৮ লাখ মানুষকে নতুন করে করজালের আওতায় আনতে হবে। অর্থাৎ ২০২১ সালের মধ্যে নতুন করে আরো ১৯ লাখ ৫০ হাজার মানুষকে করজালের আওতায় আনার প্রয়োজন রয়েছে।




