জাতীয়শিরোনাম

দেশে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

দেশে নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি উল্লেখ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিনজন। এছাড়া আরও চারজনের নমুনা আমরা সংগ্রহ করেছি, তাদের শরীরে কারোনা ধরা পড়েনি।
সোমবার রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, যারা ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের দুজন ইতালি থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। ইতালি থেকে আসার পর চার থেকে সাত দিনের মধ্যে কোনো ভাইরাসের লক্ষণ প্রকাশ পেলে আইইডিসিআর এর নমুনা পরীক্ষা করে। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। আক্রান্ত একজনের মাধ্যমে পরবর্তীকালে একই পরিবারের আরও এক সদস্য আক্রান্ত হয়েছেন। তারা সবাই এখন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তিনি বলেন, গত রবিবার বিকেল ৫টা থেকে এখন পর্যন্ত আমাদের হটলাইন নম্বরে ৫০৯টি কল পেয়েছি। এর মধ্যে ৪৭৯ টি করোনাভাইরাস সম্পর্কিত। এছাড়া সরাসরি ১৮ জন এসেছেন। এদের মধ্যে চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে করোনাভাইরাস পাওয়া যায়নি।
বিদেশ থেকে এলেই কিন্তু তারা করোনাভাইরাসে আক্রান্ত না উল্লেখ করে তিনি বলেন, যারা বিদেশ থেকে আসছেন, তাদের অবশ্যই ১৪ দিন বাড়িতে থাকতে হবে। পাড়া-প্রতিবেশীর বাড়িতে যাবেন না।
তিনি আরও বলেন, বিদেশ ফেরতদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে অস্বাভাবিক ধরনের কোনো আচরণ করবেন না। বাড়িওয়ালাদেরও বলব, আপনারা তাদের বাড়িতে থাকতে দিন। না হলে আরও বেশি ছড়াবে। তাদের যদি হোটেলে থাকতে হয়, তাহলে আমাদেরই কিন্তু বেশি ক্ষতি হবে। ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়বে তার শরীরে যদি তা থেকে থাকে। এছাড়া এটাও খেয়াল রাখতে হবে- বিদেশ থেকে আসা মানেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
সারা বিশ্বের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, মোট আক্রান্ত দেশের সংখ্যা ১০২। নতুন দেশ যুক্ত হয়েছে আটটি। নিশ্চিত রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৮৬। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬শ ৫৬। নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৫৮৪ জন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বডন জং রানা এবং আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button