
ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির অঙ্গীকার কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিবোনা। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে আমরা নাকি কুরআন সুন্নাহর আলোকে থাকতে চাইনা। কিন্তু আমরা সব সময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।’
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল সময়ের মধ্যে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে। বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে। আমাদের এই সময়ে একটু সাবধান থাকতে হবে। যেন আবার অন্ধকারের দিকে না চলে যেতে হয়। আমাদের সাবধান থাকতে হবে আমরা নিজেরা যেন বিভেদ ও চক্রান্তকারীদের হাতে না পড়ি। নাহলে দেশ আমাদের আরও ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন‘আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল, ‘মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হত, ধরে নিয়ে যাওয়া হত সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।’
‘দেশ এখন একটা ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে।’ তাই তিনি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক এসএম মসজিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ সহ জেলার বিভিন্ন আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



