দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক: রিতা

সিংগাইর প্রতিনিধি: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণের কল্যাণের জন্যই এই দল প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। আমারা চাই একটা ভালো পরিবেশ তৈরি হোক এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সেই পরিবেশ তৈরি করতে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া পূজামণ্ডপ পরির্শনকালে তিনি এসব কথা বলেন।
হিন্দু সমপ্রদায়ের উদ্দেশ্যে রিতা বলেন, গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর পুলিশ প্রশাসন মাঠে ছিল না। সে সময়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি। পাহারাদারের ভূমিকা পালন করেছেন আমার দলের নেতাকর্মীরা। যার ফলে আপনারা (হিন্দু সমপ্রদায়) নিরাপদে ছিলেন। বিএনপি অসামপ্রদায়িকতায় বিশ্বাস করে বলেই আপনাদের দুর্গা উৎসবে জেলায় ৫১৮টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমার দলের নেতাকর্মীরা আপনাদের ছায়া দিয়ে রেখেছেন। যাতে কোনো দুষ্কৃতকারী পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন। আমি মনে করি, বিগত দিনের চাইতেও এবারের দুর্গাপূজা আরও বেশি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। রিতা গত দু’দিনে জেলার সিংগাইর, সদর, সাটুরিয়া, ঘিওর ও দৌলতপুর উপজেলার শতাধিক পূজামণ্ডপ পরির্দশন করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ্ কবীর, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু, সিঙ্গাইর উপজেলা বিএনপি’র সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপি’র সভাপতি এডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় প্রমুখ।



