দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি

ক্র্যাবের সাধারণ সভায় রেলমন্ত্রী
রেলমন্ত্রীপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অনেক বেশি। কারণ তাদের লেখনির কারণেই সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে পারে।
আজ শুক্রবার ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশন তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, বিভিন্ন সঙ্কটনাপন্ন সময়ে সাংবাদিকরা নিজের জীবন বাজি রেখে তথ্য সংগ্রহ করে জাতির কাছে তুলে ধরেন। তাদের জন্যই আমরা ঘুম থেকে উঠে আজোপাড়াগায়ের খবরাখবরও সঠিকভাবে জানতে পারি।
তিনি বলেন, ক্র্যাব একটি ক্লিন ইমেজের সংগঠন। এ সংগঠনের নামে কোনো অভিযোগ আমি শুনিনি। সবচেয়ে ভালো লাগে এখানে কোনো দলাদলি নেই শুনে। ক্র্যাবের সদস্যরা বিপদ-আপদে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
সভায় রেলমন্ত্রী ‘ক্র্যাব ক্রীড়া প্রতিযোগীতা’য় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৯ জন রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও পাঁচটি ক্যাটাগরিতে বিশেষ রিপোর্টিংয়ের জন্য পাঁচজন রিপোর্টারকে পুরস্কার দেয়া হয়।
সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে জিকে বিল্ডার্সের চেয়ারম্যান এস এম গোলাম কিবরিয়া শামীম, ক্রাবের সাবেক সভাপতি পারভেজ খান, ফখরুল আলম কাঞ্চন, মধুসুদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাবলু ও ক্র্যাবের সিনিয়র সদস্য বশির আহমেদসহ অন্যরা বক্তব্য রাখেন।




