
রাঙামাটি প্রতিনিধি,মোঃ কামরুল ইসলাম: সোমবার (১ জুন)২০২৬,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি। সোমবার বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাঙামাটি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেয়।
সড়ক অবরোধ চলাকালীন সময়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,পার্বত্য অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার উপদেষ্টা পদে থাকা অত্যন্ত জরুরি ছিল। কোন অদৃশ্য সুতোর টানে বা চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে। দীপেন দেওয়ানের পদত্যাগ অনতিবিলম্বে প্রত্যাহার করে তাকে সসম্মানে দায়িত্বে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।



