জাতীয়শিরোনাম

দিয়াবাড়ীতে কোয়ারেন্টাইনের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার করছে সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অ্যাপার্টমেন্টগুলো প্রস্তুত হচ্ছে কোয়ারেন্টাইনের জন্য। কিন্তু স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সকালে কয়েকশ এলাকাবাসী জড়ো হয়ে কোয়ারেন্টাইন সেন্টার না করার দাবি জানান। দুপুর পর্যন্ত চলে তাদের বিক্ষোভ।
স্থানীয়রা বলছেন, এখানে প্রায় তিন হাজার মানুষ বসবাস করছেন। এখানে কোরানা আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন করলে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন। এজন্য তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল মোত্তাকিন জানান, শতাধিক লোক অবস্থান নিয়ে এখানে কোয়ারেন্টাইন সেন্টার না করার দাবি জানান। পরে আমরা তাদের বুঝিয়ে উঠিয়ে দিই।
জানা গেছে, ‘কুঞ্জলতা’ নামের ওই কম্পাউন্ডের চারটি ভবনে ৮৪টি করে ফ্ল্যাট রয়েছে। মোট ৩৩৬টি ফ্ল্যাট কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের দুটি কোয়ারেন্টাইনের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনা হজক্যাম্প ও উত্তরা দিয়াবাড়ির রাজউকের ফ্ল্যাট প্রকল্প এলাকায় কোয়ারেন্টাইন পরিচালিত হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এক বৃদ্ধ মারা গেছেন। আর প্রবাস থেকে আসা কয়েক হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন। ঝুঁকি বিবেচনা করে ইতিমধ্যে মাদারীপুরের শিবচরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button