উপমহাদেশশিরোনাম

দিল্লিতে বিজেপির হাত ছাড়ল দুই পুরোনো সঙ্গী

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলো বিজেপি। তাদের সঙ্গ ছেড়ে বেরিয়ে গেল দলের দুই পুরোনো সঙ্গী শিরোমণি অকালি দল ও জননায়ক জনতা পার্টি।
অকালি দলের তরফে জানানো হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুতে মতের মিল না হওয়ায় বিজেপির সঙ্গ ছাড়ছে তারা। তবে জেজেপি থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানায়, বিজেপির সঙ্গে আসন সমঝোতায় ঐকমত্য না হওয়ায় বাধ্য হয়ে জোট ছেড়েছে দুষ্মন্ত চৌটালার জননায়ক। তবে জেডিইউ এবং এলজেপির সঙ্গে জোট পাকা করেছে গেরুয়া শিবির। দিল্লিতে জেডিইউ দুই এবং এলজেপি ১ আসনে লড়বে।
শিরোমণি অকালি দল বিজেপির দীর্ঘদিনের বিশ্বস্ত জোটসঙ্গী। বিজেপির অত্যন্ত খারাপ সময়েও সঙ্গ ছাড়েনি তারা। কিন্তু, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী কথাবার্তা শোনা যাচ্ছিল অকালি নেতাদের মুখে।
সোমবার অকালি দলের নেতা মনজিন্দর সিং শীর্ষা বলেন, “আমরা কঠোরভাবে এনআরসি বিরোধী। আমাদের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করতে বলা হয়েছিল। কিন্তু, তাতে রাজি হইনি। আমাদের অবস্থান স্পষ্ট, সংশোধিত নাগরিকত্ব আইন থেকে মুসলিমদের বাদ দেওয়া যাবে না।”
যদিও কেউ কেউ বলছে তাদের বিজেপির সঙ্গ ছাড়ার মূল কারণ হলো আসন সমঝোতা।
২০১৫ সালে অকালি দল দিল্লি বিধানসভায় তিন আসনে প্রার্থী দিয়েছিল। তবে, তাদের প্রার্থীরা লড়েছিলেন বিজেপির পদ্ম প্রতীক নিয়ে। কিন্তু, এবার চাইছিল নিজেদের প্রতীকে লড়তে। আর তাতেই আপত্তি জানায় বিজেপি। শেষপর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি এই প্রতীক-বিভ্রাট নিয়ে। যার জেরে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অকালি।
তবে বিজেপির জন্য স্বস্তির খবর, জোট ছাড়ার পর আলাদাভাবেও লড়ছে না অকালি। তারা পুরোপুরিই দিল্লি নির্বাচন বয়কট করেছে। এদিকে, দুষ্মন্ত চৌটালার দলের সঙ্গেও একই সমস্যা বিজেপির। তারা হরিয়ানা সীমান্তে অন্তত ১২টি আসন বিজেপির থেকে দাবি করেছিল। গেরুয়া শিবির তা ছাড়তে রাজি না হওয়ায়, জোট ভেস্তে গেল। এই দুই জোটসঙ্গী সঙ্গ ছাড়ায় বিজেপিকে যে দিল্লি নির্বাচনে আরও চাপে পড়ে যেতে হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button