জাতীয়শিরোনাম

দারিদ্রের পাশে আলেম সমাজ

মহামারি করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চীন থেকে উৎপত্তি হলেও সারা বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) শুধু মার্চ মাসেই প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ সরকারও নানা পদক্ষেপ নিয়েছে। তবে কলকারখানা বন্ধ খাকায় এবং মানুষ কর্মহীন হয়ে পড়ায় জীবন-জীবিকা সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারাদেশে সৃষ্ট এই সংকটময় পরিস্থিতিতে অসহায় এই দরিদ্র মানুষের দাঁড়িয়েছেন তরুণ একদল আলেম ও তাঁদের পরিচালিত একাধিক সংগঠন।
চাঁদপুরে অসহায় মানুষের পাশে তরুণ আলেমরা
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চাঁদপুরের তরুণ আলেমরা অসহায় মানুষের ত্রাণসামগ্রী বিতরণের কাজ শুরু করেছেন। তাঁরা চাঁদপুর সদরের বালিয়া গ্রামের দুস্থদের মধ্যে চাল, ডাল, আটা, তেল, সাবান ও নগদ অর্থ প্রদান করছেন। এ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মুফতি খালিদ সাইফুল্লাহ জানান, মুফতি ছানাউল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তাঁরা ত্রাণকার্যক্রমে এগিয়ে এসেছেন এবং তাঁরা নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন।
ফরিদপুরে দিনমজুরদের পাশে নব-উন্মেষ পরিবার
ফরিদপুরে আলেমদের সেবামূলক সংগঠন ‘নব-উন্মেষ পরিবার’ জেলার ১৫টি দিনমজুর পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। গত শুক্রবার (২৭ মার্চ) জেলার পূর্ব খাবাসপুরে এই ত্রাণ বিতরণ করা হয়। প্রতি পরিবারকে চাল, ডাল, লবণ, তেল, আলু, পেঁয়াজ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের একটি প্যাকেজ দেওয়া হয়েছে। এ সময় সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব মুহাম্মাদ রাজীব হোসেন রাজীব ও সাহিদুল ইসলাম হৃদয় উপস্থিত ছিলেন।
ত্রাণ কার্যক্রম সম্পর্কে নব-উন্মেষ পরিবারের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী জানান, আলেম হিসেবে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। ধর্মীয় ক্ষেত্রে অবদান রাখার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক কিছু কাজও করা উচিত। এ লক্ষ্যে এলাকার কয়েকজন যুবককে নিয়ে আমি এই সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা অল্প কয়েকটি দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। সবার কাছে দোয়া চাই যেন ভভিষ্যতে আমাদের সেবার পরিধি আরো বাড়াতে পারি।
মালিবাগের ২০০ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
মালিবাগের পশ্চিম শান্তিবাগের অন্তত ২০০ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ঢাকার মাদরাসাতুল কাউসারের জালালাঈন জামাতের শিক্ষার্থী যিয়াদ বিন সাঈদ। সামাজিক মাধ্যমে তার এই কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ ব্যাপারে নিজের অনুভূতি জানিয়ে যিয়াদ বিন সাঈদ বলেন, আমার স্বপ্ন একজন বড় আলেম হওয়ার পাশাপাশি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হবো। একজন কওমী শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে অনেক বড় দায়িত্ববান মনে করি। এ জন্য আমরা কজন বন্ধু মিলে ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
২৫০ পরিবারকে ত্রাণ সহায়তা আল হক মুসলিম ট্রাস্টের
মাওলানা হাফিজ আহমদ সগীর আমকুনী সিলেটের জামিয়া মাহমুদিয়া ইসলামিয়ার সহকারী পরিচালক। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠা করেছেন দাতব্য প্রতিষ্ঠান ‘আল হক মুসলিম ট্রাস্ট’। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলেটের বিভিন্ন অঞ্চলে অন্তত ২৫০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে এবং ত্রাণ কার্যক্রম নিয়ে সিলেটের বাইরেও যাওয়ার আশা রাখে তারা।
মাওলানা হাফিজ আহমদ সগীর আমকুনী বলেন, আমার বাবা শায়খ শফীকুল হক আমকুনী (রহ.) তাঁর জীবনের দীর্ঘ সময় মানুষের সেবা করেছেন। তিনিই আমাদের মানবসেবায় নিয়োজিত হতে উৎসাহিত করেছেন। আল-হামদুলিল্লাহ! আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করি এবং করছি। আল্লাহর কাছে ভবিষ্যতে আরো সেবামূলক কাজ করার তাওফিক কামনা করি।
খুলনায় দিনমজুরদের পাশে আলেমরা
খুলনার খালিশপুরে দরিদ্র ও দিনমজুর পরিবারের মধ্যে দুই টন চাল বিতরণ করবেন স্থানীয় তরুণ আলেমরা। বর্তমানে চাল কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম টুটপাড়া হাবিব লাইলী মাদরাসার সুপারিনটেনডেন্ট হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।
তিনি বলেন, আমরা কয়েক বন্ধু মিলে স্থানীয় দিনমজুর মানুষের মধ্যে এই চাল বিতরণ করব। ইনশাআল্লাহ! বর্তমানে চাল কেনার ব্যাপারে আলোচনা এবং অসহায় পরিবারগুলোর একটি তালিকা তৈরির কাজ চলছে। আশা করছি আগামী দু-এক দিনের মধ্যে মানুষের হাতে সহায়তা পৌঁছে দিতে পারব।
এ ছাড়া বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও আলেমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তারা সবাই দরিদ্র অসহায় মানুষদের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সুত্র : পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button