রাজনীতি

দলে অনুপ্রবেশকারীদের সদস্যপদ নবায়ন হবে না : ওবায়দুল কাদের

যারা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নতুন সদস্য সংগ্রহ ও পুরোনোদের নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। পরগাছাদের দলে প্রবেশ ঠেকাতে নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত যাচাই-বাছাই করতে হবে।’
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে জেলা পর্যায়ের নেতাদের হাতে নতুন সদস্য সংগ্রহের ফরম তুলে দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
এর আগে গত ২০ মে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এখন সারা দেশে এই কার্যক্রম শুরু হবে।
নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইভিএমের দাবি যৌক্তিক। ডিজিটাল যুগে অ্যানালগ থাকতে চাই না। আমরা নির্বাচন কমিশনের কাছে জোরালোভাবে এই যুক্তি তুলে ধরবো।
বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপিকে সমাবেশের অনুমিত দেওয়া হবে কীভাবে? কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিমানবন্দরে এক সম্পাদক আরেক সম্পাদককে মেরেছেন। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ করে তুলেছে। একজন আরেকজনকে সরকারের দালাল বলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার নেতারা মারামারি করে। কেন্দ্রীয় নেতাদের পালিয়ে ঢাকায় আসতে হয়।
এ সময়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশান সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button