sliderস্থানিয়

দলবল নিয়ে সাংবাদিককে অপহরণচেষ্টা, সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা ও অপহরণচেষ্টার অভিযোগে গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও প্রতীকী কলম বিরতি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাভার মডেল থানার সামনে এ কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের সংবাদ প্রকাশের পর পরিকল্পিতভাবে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা চালানো হয় এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।

সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের কাজই সত্য তুলে ধরা। সেই কাজ করতে গিয়ে যদি একজন সরকারি কর্মকর্তার নেতৃত্বে হামলার শিকার হতে হয়, তাহলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাব-রেজিস্ট্রারকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার ভেতরে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন। এ সময় অভিযোগ ওঠে, হামলার ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো মামলা রেকর্ড করা হয়নি।

ভুক্তভোগী সাংবাদিক দেওয়ান ইমন দাবি করেন, দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ সোমবার দুপুরে সহকর্মীদের সঙ্গে অবস্থানকালে ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় এবং টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে অন্য সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় বক্তব্য দেন—সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু।

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসাইন, সাভার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ইমদাদুল হক, সাংবাদিক ও শ্রমিক নেতা আহমেদ জীবন, কালের কণ্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল ওয়ানের সাভার প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি, ৭১ টিভির সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন, স্টার টিভির সাভার প্রতিনিধি আহমেদ সোহান সিরাজী, নাগরিক টিভির আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান, চ্যানেল এসের সাভার প্রতিনিধি রাজিব মাহমুদ, আশুলিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন মানিক, ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম।

মানবকণ্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সংগ্রামের সাভার প্রতিনিধি শামীম হোসেন, ডেইলি সানের সাভার প্রতিনিধি মেহেদী হাসান মানিক, ভোরের ডাকের সাভার প্রতিনিধি মো. সাইফুল্লাহ, জনকণ্ঠের আশুলিয়া প্রতিনিধি আল-মামুন, বাংলানিউজের রাশেদুল ইসলাম সোহাগ, বিডি২৪লাইভের শাকিল হাসান, গ্লোবাল টিভির আশুলিয়া প্রতিনিধি শাহীন আলম এবং টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক, এখন টিভি ও দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button