ত্রাণ নিয়ে দুই নম্বরি করলে কঠিন সাজা-মায়া

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার্ত মানুষের রিলিভ নিয়ে যদি কেউ দুই নম্বরি করে তাহলে তার জন্য কঠিন সাজা অপেক্ষা করছে।
সোমবার দুপুরে বন্যাকবলিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। শুধু সুষ্ঠুভাবে বিতরণ করলে প্রত্যেক ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব।
ত্রাণ বিতরণ নিয়ে কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদেরকে প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী ৩৫০ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয়, ত্রাণ ও দুর্য়োগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, অতিরিক্ত সচিব সাজ্জাত কবির, ডিজি রিয়াজ আহম্মদ, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবার, ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গালিভ খান, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু প্রমুখ।




