তিব্বতে মঠে অগ্নিসংযোগের বিষয়টি নাকচ করল চীন

তিব্বতে বৌদ্ধদের সবচেয়ে পবিত্র মঠে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে অগ্নিসংযোগের বিষয়টি নাকচ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বুদ্ধের গুরুত্বপূর্ণ একটি মূর্তি ‘অক্ষত’ রয়েছে।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩শ’ বছরের বেশি পুরনো জোখাং টেম্পলে শনিবারের অগ্নিকাণ্ডের ঘটনাটি আড়াল করার চেষ্টা চালায়। এতে তাদের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্রথম রাষ্ট্রীয় গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করা হলো।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভবনটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
এতে আরো বলা হয়, অগ্নিকাণ্ডে ভবনের স্বর্ণখচিত ছাদের ক্ষতি হয়েছে।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং মঠটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ জোখাং মঠ ওল্ড লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত।




