ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি : ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আজ ইলেকট্রনিক ডিভাইসসহ ১৫ ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
তারা হচ্ছে- মহিউদ্দিন রানা, আব্দুল্লাহ আল মামুন,ইসরাক হোসেন রাফি,নুর মো. মাহবুব, ফরহাদুল আলম রাফি, আব্দুল্লাহ আল মুকিম, রিশাদ কবির, আসাদুজ্জামান মিনারুল, ইশতিয়াক আহমেদ, জয় কুমার সাহা, রেজওয়ানা শেখ শোভা, মাশুকা নাসরীন, তারিকুল ইসলাম, নাছিরুল হক নাহিদ ও মিরাজ আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের কেন্দ্র থেকে ডিভাইসসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান,মোট ১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। অপর দিকে বাকি ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
উল্লেখ্য, ঘ-ইউনিটে ১ হাজার ৬১০টি (বিজ্ঞান- ১১৪৭টি, বিজনেস স্টাডিজ- ৪১০, মানবিক- ৫৩টি আসনের বিপরীতে মোট ৯৮ হাজার ৫৪জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বাসস



