শিক্ষাশিরোনাম

‘ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে না আনলে সন্ত্রাসের কেন্দ্র হবে ঢাবি’

ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে আনার আহবান জানিয়ে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, তাদের নিয়ন্ত্রণে না আনলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সন্ত্রাসের কেন্দ্রে পরিণত হবে। যদি আমরা এর থেকে মুক্ত হতে না পারি তাহলে খালি অতীত গৌরবের গান করে সামনে এগোনো যাবে না।
বুধবার (৩ জুলাই) দুপুরে ঢাবির শত বর্ষপূর্তিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ এর এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুজ্জামান বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি দরকার। তা না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক চর্চা ফিরে আসবে না। এর জন্য দরকার কার্যকারী ছাত্র প্রতিনিধি। যারা হলগুলোতে সাংস্কৃতিক চর্চা পুনরায় ফিরিয়ে আনবে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকান্ড সেকাল একাল’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সার্বিক পরামর্শে কারাস এর পরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে। কারাস থেকে প্রকাশিত প্রথম বই এটি। ছয়টি অধ্যায়ে সাজানো বইটির দাম ৩৫০ টাকা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, কারাস এর পরিচালক ও গ্রন্থটির সম্পাদক অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকসহ গুণীজনরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button