কোটা আন্দোলনকারীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনে সকাল সোয়া ১০টার দিকে মানববন্ধন শুরু হয়ে শেষ হয় ১১টার দিকে।
এসময় শিক্ষার্থীরা মুখে কাল কাপড় বেধে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, আর নয় অনাচার এবার চাই অধিকার, রাশেদের বাবাকে হুমকি কেন? চাইতে গিয়ে অধিকার সইব কত অত্যাচার, আমার ভাই রাশে রিমান্ডে কেন?
ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুবুল হক বলেন, কোটা সংস্কারের দাবি যৌক্তিক। যার গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রজ্ঞাপন জারি হয়নি। এ যৌক্তিক আন্দোলন করার কারণে রাশেদকে গ্রেফতার করা হয়েছে। আমরা রাশেদসহ সবার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
একই বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, এ ক্যাম্পাস কারো একার নয়। কিন্তু এ ক্যাম্পাসে মেয়েদের ওপরেও হামলা হয়েছে। আমরা এ হামলার বিচার চাই।




