জাতীয়শিরোনাম

ঢাকা সিটি নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্র: ইসি

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনছে নির্বাচন কমিশন (ইসি)।
জরুরি ভিত্তিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে দুই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে কমিশন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী ভোটের দিন ও আগের দিন- দুই দিন এবং মক ভোটের দিন অর্থাৎ তিন দিন কেন্দ্রের চিত্র ধারণ করা হবে এসব ক্যামেরায়।
ইসির সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ‘ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০২০ এ ভোটকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য কেন্দ্র হিসেবে যেসব প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানে বিদ্যমান সিসি ক্যামেরা তিন দিন ব্যবহার করা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
‘অর্থাৎ মক ভোটিংয়ের দিন এবং নির্বাচনের দিন ও এর আগের দিন (সিসি ক্যামেরা ব্যবহার করা হবে)। তবে শর্ত থাকে যে, ভোট গ্রহণের দিন গোপন কক্ষের কোনো দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না’ এতে উল্লেখ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে এগুলো তিন দিন ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মক ভোট হবে ৩০ জানুয়ারি। সে অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সিসি টিভির আওতায় থাকবে ভোটকেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button