শিরোনামশীর্ষ সংবাদ

ড. কামালকে প্রধানমন্ত্রী: খামোশ বললেই জনগণ চুপ হবে না

সাংবাদিকদের ধমক দেওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই মানুষের মুখ খামোশ হবে না। জনগণ চুপ হবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা যে সংবিধান প্রণয়ন করেছিলেন তাতে যুদ্ধাপরাধীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার ছিল না। আজকে আমরা দেখি যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত তাদের পরিবারের সদস্যদের বিএনপিসহ যে ঐক্য করা হয়েছে তাতে মনোনয়ন দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, তাদের কাছে আমার প্রশ্ন, যারা এত বড় অপরাধ করল, আর যে পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করলাম তাদের এই দোসরদের যখন ধানের শীষে মনোনয়ন দেয়া হলো। তারা কিভাবে এই নির্বাচন করবে? এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে? কোথায় গেল সেই বিবেক? রাজনীতিকে কোথায় নামিয়েছে? তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষের ভাগ্যে কি ঘটবে?
তিনি বলেন, যাদের অপরাধ প্রমাণিত, তাদের সঙ্গে ড. কামাল, সুলতান, মান্না, কাদের সিদ্দিকী কিভাবে হাত মেলালো, সেটাই আমার প্রশ্ন।
প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীর স্বজনসহ বাংলা ভাই ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। অপরাধী ছাড়া বিএনপির থেকে ভালো কোনো যোগ্য লোক নেই? নাকি অপরাধ করলেই বিএনপিতে যোগ্য হওয়া যায়?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button