sliderমহানগরশিরোনাম

ডিএনসিসির মশকবিরোধী অভিযান : দ্বিতীয় দিনে ৬ লাখ টাকার বেশি জরিমানা আদায়

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শনিবার (৮ জুলাই) থেকে শুরু হওয়া মাসব্যাপী বিশেষ মশকবিরোধী অভিযানের দ্বিতীয় দিনে লার্ভা খুঁজে পাওয়ায় ১৬টি মামলা থেকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (৯ জুলাই) করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, ডিএনসিসির ১০টি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা একযোগে অভিযান পরিচালনা করেন। এছাড়া, আরো চারটি নিয়মিত মামলা হয়েছে।

মশা নির্মূল অভিযানে যোগ দেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো: গোলাম মোস্তফা সরওয়ার, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া সহকারী স্বাস্থ্য কর্মকর্তাসহ মশা নির্মূল কর্মীরা বিভিন্ন এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা ও মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করেন।

এর আগে শনিবার ডিএনসিসির মেয়র মো: আতিকুল ইসলাম বলেন, আমরা বর্ষা মৌসুমের আগে থেকেই মশা নির্মূলে মাঠে কাজ করছি। অভিযানে বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটস সদস্যদের যুক্ত করেছি।

মেয়র আতিক বলেন,‘আমি মাঠে আছি; আমার কাউন্সিলররা মাঠে থাকবেন। আমি বিভিন্ন আবাসিক এলাকার নেতৃবৃন্দ, সমাজের প্রতিনিধিদের কাছে আপনাদের এলাকা পরিষ্কার রাখার আবেদন জানাচ্ছি। সবাই সহযোগিতা করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button