ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অবৈধ অভিবাসীবিরোধী আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করবেন। যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ দেশের মর্যাদায় ফেরাতে সর্বাত্মক প্রয়াস নেবেন তিনি। তার মতে, ‘আমেরিকা ফার্স্ট’।
প্রেসিডেন্ট পদে মনোনয়ন চূড়ান্ত করতে দলের চারদিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার (২১ জুলাই) ৭৫ মিনিটের দীর্ঘ বক্তব্যে এ ঘোষণা দেন ট্রাম্প।
সম্মেলনের দ্বিতীয় দিনে প্রাক-প্রাইমারি ভোটে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয় রিপাবলিকান পার্টি। প্রথা অনুযায়ী সম্মেলনের শেষ দিনে মনোনিত প্রার্থী তা গ্রহণ করে উপস্থিত ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। তার ভাষণের মূল স্লোগান ছিল ‘আমেরিকা ফার্স্ট’ নীতি।
ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্র এবং সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন ইস্যু উঠে আসে। তবে প্রাক-প্রাইমারি ভোটের প্রচারণায় মুসলামানদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া নিয়ে বক্তব্য রাখেননি ট্রাম্প। অবৈধ অভিবাসী ঠেকাতে প্রয়োজনে দেয়াল তোলার কথা বললে তা কোথায় দেয়া হবে তা বলেননি বক্তব্যে। প্রাক-প্রাইমারি ভোটের প্রচারণায় মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেছিলেন তিনি।
তবে তিনি তার বক্তব্যে কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে দিক-নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি হিলারিকে দুর্বলতা, মৃত্যু, ধ্বংস ও সন্ত্রাসের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন।




