শিরোনাম

টোলারবাগ থেকে টাঙ্গাইলে, লকডাউন শ্বশুরবাড়ি

সংবাদদাতা, টাঙ্গাইল : করোনা ভাইরাস সন্দেহে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের দু’টি বাড়ি লকডাউন করা হয়েছে। এই দু’টি বাড়িতে তিনটি পরিবার রয়েছে। পরিবারে সদস্য রয়েছেন মোট ১২ জন। এই তিন পরিবারের কর্তারা হলেন- লুৎফর রহমান, ফজলুর রহমান ও আতোয়ার রহমান। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী এই লকডাউনের ঘোষণা দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী জানান, ঢাকার মিরপুরের টোলারবাগ এলাকার লকডাউন হওয়া একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে পালিয়ে বাসাইলের ওই গ্রামে তার শ্বশুর লুৎফর রহমানের বাড়িতে এসে ওঠেন। গত পাঁচ দিন ধরে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী অভিযান চালিয়ে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। এ সময় জাহাঙ্গীর আলমের শ্বশুর লুৎফর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ ফজলে এলাহী আরো বলেন, ওই বাড়ির কেউ এখন আর বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি লোক দিয়ে বাজার করে ওই পরিবারের মাঝে হস্তান্তর করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button