টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় ট্রাকের ধাক্কায় ইঊসুফ আলী নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেব দায়িত্ব পালন করছিলেন। শনিবার (০৯ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন নয়া দিগন্তকে জানান, নিহত ইঊসুফ আলীর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামে। ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে যোগ দেয়ার আগে তিন বছর টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। সেই সুবাদে তার পরিবার টাঙ্গাইল শহরেই থাকতেন। কয়েক দিন আগে তিনি ছুটিতে আসেন। শনিবার দুপুর আড়াইটার দিকে মোটসাইকেলযোগে তিনি কর্মস্থলে ফিরছিলেন। বাসাইলের গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।




