Uncategorized

টাকার অভাবে কলেজে ভর্তি হতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে টাকার অভাবে কলেজে ভর্তি হতে না পেরে সানজিদা আক্তার নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার নান্নার ইউনিয়নে পাঁচাল গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সানজিদা আক্তার (১৭) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় জলসিং এলোকেশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, হতদরিদ্র চার বোনের পরিবারে সানজিদা ছিল মেধাবী শিক্ষার্থী। সদস্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল সে।
রবিবার ধামরাই সরকারি কলেজে ভর্তির কথা ছিল তার। কিন্তু ভর্তি ফি এর নির্ধারিত টাকা জোগাড় না হওয়ায় তার মায়ের সঙ্গে মনোমালিন্য হয় সানজিদার। পরে বিকেলে কৃষক বাবা বাড়িতে ফিরে মেয়ে সানজিদার খোঁজ করলে তাকে পাওয়া যাচ্ছিল না।
এ সময় সানজিদার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকির পরও সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে কক্ষের আঁড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় জানান, পরিবারের সঙ্গে মনোমালিন্যের জের ধরে ওই শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button