‘টাইগাররা সবার জন্যই কঠিন প্রতিপক্ষ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তারপর নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা। টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে গেলেও শ্রীলঙ্কান ব্যাটিং কোচ জন লুইসের দাবি বাংলাদেশ নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ, প্রত্যেক দলই তাদের সমীহ করে খেলতে নামবে।
মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি ফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে টাইগারদের জয়ের কোনও বিকল্প নেই।
এ ম্যাচের সোমবার (১০ জুন) সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কান ব্যাটিং কোচ জানান, কোনও সন্দেহ নেই, বাংলাদেশ খুব ভালো একটি দল।
জন লুইস বলেন, সূচির দিক থেকে তাদের (বাংলাদেশ) বিশ্বকাপের শুরুটা বেশ কঠিন হয়েছে। কয়েকটি কঠিন প্রতিপক্ষ ছিল। তবে অবশ্যই ওরা ভালো কিছু পারফরম্যান্স করতে পেরেছে, এমনকি যেগুলো তারা জিততে পারেনি সেসব ম্যাচেও পরফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তারা ভালো পারফরম্যান্স করেছে, যা প্রমাণ করে যে, ওরা সবার জন্যই কঠিন প্রতিপক্ষ। এটা আমরা সবাই জানি।




